নরসিংদীতে পৌণে ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
নরসিংদীতে পৌণে ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। এ উপলক্ষে আগামী শনিবার (১ জুন) জেলাজুড়ে একদিনের জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হবে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু কাউছার সুমন জানান, এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৪৮৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৩৮ হাজার ৮০৮ জন শিশুকে খাওয়ানো হবে এই ভিটামিন ক্যাপসুল। কোন শিশু যেন বাদ না পদে সেজন্য প্রতিটি বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনেও থাকছে অস্থায়ী কেন্দ্র। জেলার ৭টি সরকারী হাসপাতাল ছাড়াও ১ হাজার ৭ শত ৬৪ অস্থায়ী ইপিআই কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শিশুদের স্বাস্থ্য নিয়ে সকলের সচেতনতার অংশ হিসেবে ভিটামিন গ্রহণের আহবান জানান তিনি। এ সময় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভিটামিন এ প্লাস বিষয়ে তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সঞ্জয় সাহা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা