মনোহরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(২৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাংকুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন,চরমান্দালীয়া ইউনিয়নের গাংকুলপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) ও তাঁর ছেলে ফারুক হোসেন (৩৬)। ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ২ টার দিকে বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে ফিরেন ফারুক হোসেন। পরে গোসল শেষে শুকানোর জন্য বাড়ির উঠানে জিআই তারে লুঙ্গি টানাতে যান। এসময় বিদ্যুতায়িত হন তিনি। পাশেই কাজ করছিলেন মা ওয়াহিদা খাতুন। তিনি এগিয়ে গিয়ে ফারুককে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনের মৃত্যু ঘটে। পরে প্রতিবেশীরা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা আরও জানান, কাপড় শুকানোর জন্য উঠানের ওপর দিয়ে এক ঘরের চাল থেকে অপর ঘরের চাল পর্যন্ত জিআই তার টানানো ছিল। ঘরে বিদ্যুতের তার ছিদ্র হয়ে আগেই পুরো ঘরসহ জিআই তারে বিদ্যুৎ সংযোগ লেগে যায়। পরে ভেজা কাপড় লাগা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক। মনোহরদীর রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম