মির্জাগঞ্জে অটো চুরি করতে গিয়ে পাবলিকের হাতে ধরা

মির্জাগঞ্জে অটো চুরি করতে গিয়ে পাবলিকের হাতে ধরা
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে  ব্যাটারী চালিত একটি মিশুক অটো গাড়ী চুরি করে নিয়ে পালানোর সময় মোকছেদুল হাসান (২৮) নামে এক চোরকে চুরি হওয়া অটো গাড়ীসহ আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া এলাকা থেকে চোরাই অটো উদ্ধারসহ চোর আটকের এ ঘটনা ঘটে। আটক মোকছেদুল হাসান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বড়খালের পাড় গ্রামের আলাল উদ্দীনের পূত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২ টার দিকে সুবিদখালী বাজার সংলগ্ন ব্রীজের উত্তর পার্শ্ব ঢালে অটো ষ্ট্যান্ডে গাড়ী সিরিয়ালে রেখে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানের সামনে দাড়িয়ে কথা বলছিলেন গাড়ীর মালিক দাসেরডাঙ্গা গ্রামের আঃ মান্নান। কিছুক্ষন পরে ষ্ট্যান্ডে সিরিয়ালে রাখা গাড়ীটি দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে গাড়ীর মালিক আঃ মান্নানসহ অন্য চালকরা বেলা সাড়ে ১২ টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক থেকে অটোগাড়ী সহ চোর মোকছেদুলকে আটক করে সুবিদখালী বাজার ব্রীজের উত্তর পার্শ্বে অস্থায়ী অটোষ্ট্যান্ডে নিয়ে আসে। চুরি হওয়া অটো গাড়ীসহ চোর আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও অটো চালকরা উত্তম-মাধ্যম দিয়ে আহত করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকজন চোর মোকছেদুলকে পুলিশে হস্তান্তর করে।

মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভেন্দু দাস জানান, আটক মোকছেদুলকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চোর মোকছেদুলের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন