নাইক্ষ্যংছড়ি'র সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাকারবারীর পা বিচ্ছিন্ন!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি'র জারুলিয়াছড়ি সীমান্তে আবারও আরকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে উমর মিয়া (২৫) নামে একজন চোরাকারবারির বাম পা বিচ্ছিন্ন হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে ১১ বিজিবির দায়িত্বরত এলাকার ৪শ মিটার মিয়ানমার অভ্যন্তরে জারুলিয়াছড়ি সীমান্ত পিলার ৪৬- ৪৭ নং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। আহত উমর মিয়া, সে কক্সবাজার- রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মৌলভীকাটা এলাকার সাবের মিয়ার ছেলে। আহতকে উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, আহত উমর মিয়া সীমান্তবর্তী চোরাচালান সিন্ডিকেটের শীর্ষ গডফাদার হিসেবে পরিচিত। ঘটনার সময় তিনি বার্মিজ গরু ও মাদক পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিল। এই সময় আরকান আর্মির পুঁতে রাখা মাইনে পা দিলে তা বিস্ফোরিত হয়। বিজিবির এক কর্মকর্তা বলেন, সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি প্রতি নিয়মিত স্থলমাইন পুঁতে রাখছে, যা আমাদের জন্যও উদ্বেগজনক। এই ধরনের অনুপ্রবেশ সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি।" নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসরুরুল হক, একজন আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, শুনেছি সীমান্তে চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে উমর মিয়া নামের এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি