নরসিংদীর এডিসি মাহমুদা বেগমকে বদলি

নরসিংদীর এডিসি মাহমুদা বেগমকে বদলি
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ


নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহমুদা বেগমকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের বর্তমান কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে ওই দিন অপরাহ্ণে তাঁকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশ সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার ১৩ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মাহমুদা বেগমকে (পরিচিতি নম্বর-১৭৬৩৬) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নতুন কর্মস্থলে যোগদানের সুবিধার্থে তাঁকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে, সাম্প্রতিক সময়ে নরসিংদীতে তাঁর বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব বিষয়কে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অসন্তোষেরও সৃষ্টি হয়। তাঁর অপসারণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে বিক্ষোভ ও ঝাড়ু মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া যায়। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর তাঁকে নরসিংদী থেকে বদলি করা হলো এবং নতুন কর্মস্থলে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য, বদলির আদেশটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জারি হয়েছে বলে জেলা প্রশাসনের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন