নাম ভাঙিয়ে টাকা আদায়, মাদরাসা শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
এমপিওসহ মাদরাসার নানা কাজ করিয়ে দেওয়ার নামে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, পদোন্নতি, ডিজি প্রতিনিধি মনোনয়ন, বকেয়া প্রদান, ইনডেক্স সংশোধন ইত্যাদি বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একশ্রেণির প্রতারক চক্রের বিরুদ্ধে।
রবিবার (২৯ জুন) উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অধিদপ্তর স্পষ্ট করে জানিয়েছে:
অধিদপ্তরের কোনো সেবা গ্রহণের জন্য অর্থ প্রদান বা উপহার দেওয়ার প্রয়োজন হয় না। সকল সেবা বিধি-বিধান অনুযায়ী নিঃশুল্ক প্রদান করা হয়।
বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মাধ্যমে টাকা দাবি করে এমন ফোন নম্বর চিহ্নিত করে অবিলম্বে অধিদপ্তরে জানাতে হবে।
কাউকে কোনো অর্থ প্রদান করা যাবে না। কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে কেউ অনৈতিক যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে অধিদপ্তরে অবহিত করতে হবে, যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যেই কর্মকর্তাদের নাম ও ছবি (হোয়াটসঅ্যাপে) ব্যবহার করে একাধিক চক্র প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ