জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়ন ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের ব্যানারে একটি অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় ও আশেপাশের সড়কগুলো অবরোধ করা হয়েছে, যার ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
অবরোধে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা আবু হাসান জানান, "জুলাই সনদ ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।" তাঁরা "জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না" এবং "জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে"—এর মতো স্লোগান দিয়ে তাদের দাবি জোরালোভাবে উপস্থাপন করছেন।
প্রধান দাবিসমূহ:
জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করা।
-
আহতদের পূর্ণ চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক সুবিধা রাষ্ট্রীয়ভাবে বহন করা।
-
শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা এবং সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা।
-
জুলাই আন্দোলনে দমন-পীড়নের জন্য দায়ীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করা।
-
একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করে সকল নির্যাতনের তদন্ত সম্পন্ন করা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, অবরোধের কারণে শাহবাগ মোড় ও সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যা যানজটের কারণ হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন আজকের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চাইছে। তবে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য প্রতিষ্ঠা এখনও সম্পন্ন হয়নি। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে। তাদের প্রধান আপত্তি হলো—নির্বাচিত সরকার গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের বিষয়টি। তারা দাবি করছে, জুলাই সনদকে আইনি কাঠামোয় বাঁধতে হবে, নাহলে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়বে। তবে, বিএনপি খসড়ার সাথে মোটামুটি একমত হয়েছে বলে জানা গেছে
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ