ধানমন্ডিতে ৩২–এ ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ; এখন কারাগারে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমানকে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
শনিবার, আজিজুর রহমানকে আদালতে হাজির করে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে তাকে জেল পাঠানোর আদেশ দেন।
গত শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে আজিজুর রহমান মারধরের শিকার হন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আজ তাকে ২০২৩ সালের ৪ আগস্টের একটি হত্যাচেষ্টা মামলায় জড়িত বলে দাবি করে।
ধানমন্ডি থানায় দায়ের করা মামলার বাদী আরিফুল ইসলামের বক্তব্য অনুযায়ী, গত বছর ৪ আগস্ট সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে একদল লোক সশস্ত্র হামলা চালায়। এ সময় আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং দুই মাস হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশের দাবি, তদন্তে আজিজুর রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাই তাকে কারাগারে রাখা প্রয়োজন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ