রূপগঞ্জে ব্যবসায়ীকে জিম্মি করে টাকা ও চেক লুটের অভিযোগ
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের স্বাধীনতা চত্বর এলাকায় পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা, বিকাশের টাকা ও চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মাসুদ রানা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী মাসুদ রানা তার ড্রাইভার ফারুক (৪০) ও প্রতিবেশী শরিফুল ইসলাম (৪৫)-কে সঙ্গে নিয়ে পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থিত “মমিন পিঠাঘর” নামের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান। খাওয়ার একপর্যায়ে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা আরমান রেজা শাহা (৩০), তার স্ত্রী সাবরিনা (২৫) ও আরও ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেস্টুরেন্টে ঢুকে তাদের ঘেরাও করে।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে মাসুদ রানার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা, বিকাশ নম্বর থেকে ৩৫ হাজার টাকা, এবং তার প্রতিষ্ঠান “এম.আর.এম ট্রেডার্স”-এর ডাচ্ বাংলা ব্যাংকের দুটি চেক ছিনিয়ে নেয়। এছাড়া, আসামি সাবরিনা ভুক্তভোগীর প্রাইভেটকার থেকে একটি অফিসিয়াল ব্যাগসহ নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায় যে, মাসুদ রানা পিঠা খেতে আসার পর কতগুলো লোক ওনাকে ঘিরে বসে থাকে।আমরা বিষয়টি বুঝতে পারলে কখনোই ওদের এসব করতে দিতাম না।আমাদের এখানে কাস্টমার আসে আমরা তাদের ভালো সেবা দেই। মাসুদ রানা জানান, বর্তমানে মোবাইলে, হোয়াটসআপে হুমকি দিয়ে আসছেন আসামীরা। আমি এখন আমার জীবনের নিরাপত্তা চাই। রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন আমি অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিক্তিতে বিষয়টি তদন্ত চলছে।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ