এনসিপির নকলা উপজেলা কমিটিতে বড় ধরনের সংকট; ১৫ নেতা-কর্মীর পদত্যাগ

এনসিপির  নকলা উপজেলা কমিটিতে বড় ধরনের সংকট; ১৫ নেতা-কর্মীর পদত্যাগ
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটির ১৫ জন নেতা-কর্মী একযোগে তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্রে তারা নতুনভাবে ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং উপজেলা শাখার প্রধান সমন্বয়কারীকে অযোগ্য ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

তকাল মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতা-কর্মীরা জানান, তাঁরা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তাঁরা নকলা উপজেলা সমন্বয় কমিটিকে ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করার বিষয়টি উল্লেখ করেছেন।

পদত্যাগকারী এই ১৫ জনের মধ্যে রয়েছেন পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং দশজন সাধারণ সদস্য। যুগ্ম সমন্বয়কারীরা হলেন— মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। সদস্যরা হলেন— দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ‘‘জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য, আদর্শহীন ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। এই পরিস্থিতিতে আত্মবিশ্লেষণের পর আমরা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’’

এ বিষয়ে পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারী সিরাজুল ইসলাম বলেন, ‘‘নকলায় যে কমিটি ঘোষণা করা হয়েছে, তাতে প্রধান সমন্বয়কারীকে ঘিরে নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া দলটির ত্যাগী নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এসব কারণে আমরা ১৫ জন একসঙ্গে পদত্যাগ  মোঃ নাঈম আহমেদকরেছি। আমাদের পদত্যাগপত্র ইতিমধ্যেই এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।’’

এ বিষয়ে এনসিপির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবিরের বক্তব্য, ‘‘পদত্যাগের খবরটি আমি ফেসবুকে দেখেছি। এ নিয়ে আমরা বিভাগীয় কমিটির সাথেও কথা বলেছি। শীঘ্রই জেলা কমিটির একটি সভা ডেকে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যের নকলা উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ