সফিপুরে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ'র সমাপনী অনুষ্টিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ঢাকার গাজিপুর জেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণের ৫ম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট শনিবার এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পরবর্তী করণীয় সম্পর্কে বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, সদর দপ্তরের উপমহাপরিচালক প্রশিক্ষণ মোঃ রফিকুল ইসলাম বিভিএম, পিভিএমএস, বিভিএমএস ও আনসার-ভিডিপি একাডেমির উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার প্রমূখ। মহাপরিচালক আনসার সতেজকরণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ১ লক্ষ ৮০ হাজার নতুন সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লক্ষাধিক সদস্য মোতায়েন করা হবে।মহাপরিচালক সতেজকরণ প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এ সময় বাহিনীর উর্ধতন কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ান আনসার সদস্য, প্রশিক্ষণার্থী সদস্য ও মিডিয়া কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক একাডেমির নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ও কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান