বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ, এক ঘণ্টা মহাসড়ক অবরোধ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাস সম্প্রসারণ এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার তিন দফা দাবিতে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ অবরোধ শুরু হয়। এর ফলে মহাসড়কের দুই প্রান্তে যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।অবরোধকালে শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যদি তাদের দাবি পূরণে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তারা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনেও তারা একই হুঁশিয়ারি দিয়েছিলেন।
শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে সবদিকেই সংকট। আমরা এবার বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনে নেমেছি। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নেওয়া হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ দীর্ঘদিন ধরে মানববন্ধন, মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালনের পরও প্রশাসন বা ইউজিসির কেউ তাদের সঙ্গে যোগাযোগ না করায় তারা মহাসড়ক অবরোধে বাধ্য হয়েছেন বলে তিনি জানান। অন্য শিক্ষার্থী ইনজাম শাওন বলেন, শ্রেণিকক্ষ সংকট এখানে সবচেয়ে বড় সমস্যা। এ কারণে শুধু পাঠদানই নয়, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এ ছাড়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পরও অবকাঠামোগত সংকট কাটেনি। সাতটি অনুষদের ২৫ বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ৩৬টি শ্রেণিকক্ষ রয়েছে, যেখানে প্রয়োজন ৭৫টি। অনেক সময় খোলা মাঠে ক্লাস নিতে হয়। শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে সেশনজট প্রকট আকার ধারণ করেছে। এ ছাড়া শিক্ষক ও আবাসন সংকট, গ্রন্থাগারে বইয়ের স্বল্পতা, মাত্র একটি খেলার মাঠ, সুইমিং পুল ও জিমনেসিয়ামের অভাব রয়েছে। প্রতিদিন ঝুঁকিপূর্ণ পরিবহনে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। একই ভবনে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলায় শিক্ষক-কর্মচারীরাও দুর্ভোগে পড়ছেন।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গত ২৯ জুলাইও একই দাবিতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর ও মানববন্ধন করেছিলেন, কিন্তু তাতে কোনো সাড়া না দেওয়ায় তারা এবার সড়ক অবরোধ কর্মসূচি নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে মাত্র দুটি একাডেমিক ভবন, সীমিত ল্যাবরেটরি ও অপ্রতুল শ্রেণিকক্ষের কারণে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
দৈনিক বিজয় নিউজ/ নিজস্ব প্রতিবেদন