পাবনা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৃহস্পতিবার ১৮ জুন পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। সভায় জেলার বিভিন্ন থানার মামলা নিষ্পত্তির অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলা পুলিশের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা, পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে আরও অধিকতর কার্যকর ভূমিকা রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তা ও সদস্যকে সততা, ন্যায়, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভায় পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তা পাশাপাশি জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার তাদের পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।এদিকে, বিগত মে মাসের কর্মদক্ষতার মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ঈশ্বরদী সার্কেলের, সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের এ আয়োজন সংশ্লিষ্টদের মধ্যে পেশাগত উৎকর্ষতা ও সেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান