তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়েছে, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় সংঘটিত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
সোমবার দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন। খান মো. এরফান জানান, বরিশাল থেকে গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদিকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। তাঁকে দুপুরের পর আদালতে উপস্থাপন করা হবে।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় সংঘটিত হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়। তৌহিদ আফ্রিদি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় তাঁর বাবা ও তাঁর সহ আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়। এই মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে।
গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নাসির উদ্দিনকে গুলশান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরদিন তাঁকে রিমান্ডে নেওয়া হয়।
দৈনিক বিজয় নিউজ/ নিজস্ব প্রতিবেদন