নতুন হত্যা মামলায় গ্রেপ্তার সালমান, আনিসুল, পলকসহ পাঁচজন

নতুন হত্যা মামলায় গ্রেপ্তার সালমান, আনিসুল, পলকসহ পাঁচজন
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে গুলিচালনা করে হত্যার মামলায় ঢাকার একটি আদালত সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহ্‌মেদ পলক, জাহাংগীর আলম ও আবুল হাসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ সকালে অভিযুক্ত পাঁচজনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ১৩ আগস্ট প্রথমে আনিসুল হক ও সালমান এফ রহমান এবং পরবর্তীতে বাকি তিনজন গ্রেপ্তার হন। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার একাধিক মামলার আসামি হওয়ায় ইতিপূর্বে পুলিশ তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ