গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশনের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ
গত ২৬ আগস্ট ২০২৫ই গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত পটুয়াখালী জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এই ফাইনাল রাউন্ডে জেলার ৮টি উপজেলার বাছাইকৃত ৫৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কলাপাড়া উপজেলার হাজীবুন নুরানি হাফেজি মাদ্রাসার ছাত্র মো. সাইফুর রহমান, যিনি ৫০,০০০ টাকা পুরস্কার লাভ করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন পটুয়াখালী সদর উপজেলার মো. মহিবুল্লাহ (৩০,০০০ টাকা), এবং তৃতীয় হন দশমিনা উপজেলার আব্দুল্লাহ হুসাইন সিদ্দিক (২০,০০০ টাকা)। চতুর্থ থেকে দশম স্থান অধিকারীরা প্রত্যেকে ৫,০০০ টাকা এবং সকল অংশগ্রহণকারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামদানিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবুল কাশেম সামদানী। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সিকদার এবং স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক ডা. মো. ইমাম সিকদার। বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারীগণ—হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা, হাফেজ আবু জর গিফারী ও হাফেজ খালেদ সাইফুল্লাহ মোবারক। গত ৭ আগস্ট রাঙ্গাবালীতে অডিশনের মাধ্যমে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রায় ছয় শতাধিক প্রতিযোগির মধ্য থেকে বাছাই করা হয় ৫৪ জনকে। মাসব্যাপী এই আয়োজন জুড়ে প্রতিটি উপজেলায় আয়োজন করা হয় বাছাইপর্ব। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রতিযোগিতা বরিশাল বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন