ঠাকুরগাঁওয়ে বেগুনবাড়ী ফাজিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বেগুনবাড়ী ফাজিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আমিনুল হক সর্দারের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের ক্ষমতার দাপটে ইচ্ছামতো কার্যক্রম পরিচালনা করছেন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের সময় মাদ্রাসা চত্বরে ঘটে যায় নতুন এক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি গাছ ব্যবসায়ী চক্র প্রিন্সিপালের মদদে মাদ্রাসার মূল্যবান গাছ কাটার পরিকল্পনা করে। জুমার নামাজের সময় সাধারণ মুসুল্লিরা ব্যস্ত থাকায় এলাকা ফাঁকা পেয়ে ব্যবসায়ী জাহিদ নামের এক ব্যক্তি সেখানে গাছ কাটতে আসে।

তবে স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে জাহিদ গাছ ফেলে রেখে পালিয়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করে বলেন, প্রিন্সিপালের প্রশ্রয়েই এই ধরনের অনিয়ম বারবার ঘটছে। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “মাদ্রাসা জনগণের প্রতিষ্ঠান। এখানে কোনো ব্যক্তি নিজের ইচ্ছেমতো সম্পদ অপচয় বা লুটপাট করতে পারে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা চাই।” উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদ্রাসার অভ্যন্তরে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম