সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিত্তিমূলক বৃত্তি প্রদানের নির্দেশনা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি এক অফিস আদেশ অনুযায়ী, দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে এই বৃত্তির গেজেট প্রকাশ করার পাশাপাশি, এর একটি সফটকপি নির্ধারিত ই-মেইলে এবং হার্ডকপি মাউশির মহাপরিচালকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃত্তির হার ও কোটা
মেধাবৃত্তি: মাসিক ১,১২৫ টাকা এবং বছরে এককালীন ১,৮০০ টাকা।
সাধারণ বৃত্তি: মাসিক ৪৫০ টাকা এবং বছরে এককালীন ৯০০ টাকা।
মোট ১৩২টি মেধাবৃত্তি বণ্টন করা হবে নিম্নোক্তভাবে: ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়: ২৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ১৮টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ১৬টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১২টি, খুলনা বিশ্ববিদ্যালয়: ১২টি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ১৩টি
এবং মোট ৪,১২৫টি সাধারণ বৃত্তি বণ্টন করা হবে নিম্নোক্তভাবে: ঢাকা বিশ্ববিদ্যালয়: ১,৮৭৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৯৮৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ৫৬২টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৮১টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪১টি, খুলনা বিশ্ববিদ্যালয়: ১৪১টি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ১৪১টি
প্রয়োজনীয় শর্তাবলি ও নির্দেশনা: মেধার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে বণ্টিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্র কে সম্পূরক বৃত্তি দেওয়া যাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি পাবেন। বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন অনুযায়ী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত গেজেটের সফটকপি ই–মেইলে (dshe.stipend@gmail.com) ও হার্ডকপি পাঠাতে হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ