নুরুল হককে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে

নুরুল হককে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁকে গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার বেলা দুইটার দিকে তাঁকে কেবিনে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ হয় গণ অধিকার পরিষদ ও জাপার নেতা-কর্মীদের মধ্যে। এ সময় নুরুল হক গুরুতর আহত হন। তাঁর মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনাটির সূত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে বক্তব্য ভিন্ন। গণ অধিকার পরিষদের দাবি, জাপার নেতা-কর্মীরা তাদের মিছিলে হামলা চালায়। অন্যদিকে, জাতীয় পার্টির অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরাই তাদের ওপর হামলা করে।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ করলেও কিছু নেতা-কর্মী তা উপেক্ষা করে সহিংসতা চালান। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করে এবং মশাল মিছিল, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে বলপ্রয়োগ করতে হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে আইএসপিআর জানায়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ