মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হবে
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘পল্লী চিকিৎসক কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার, মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই সম্মেলনটির আয়োজন করছে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মনোহরদী উপজেলা শাখা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মনোহরদী উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাস, এবং মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পল্লী চিকিৎসক মো: রায়হান উদ্দিন। সম্মেলনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাছুম মো: আরিফ। আয়োজকরা আশা করছেন, এই কনফারেন্সের মাধ্যমে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবার বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করা হবে, যা ভবিষ্যতে পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। সকল পল্লী চিকিৎসককে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম