'লাল অঙ্গীকার' কর্মসূচি পালনে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত তিন দফা দাবিকে 'কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার নীলনকশা' আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে 'লাল অঙ্গীকার' কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর সোনালী ব্যাংক মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালীর আহ্বায়ক কামাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান ইভান, ষষ্ঠ সেমিস্টারের তরিকুল ইসলাম রিশাদ, অষ্টম সেমিস্টারের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সিয়াম হাসান, চতুর্থ সেমিস্টারের ইসরাত জাহান মুক্তা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিএসসি ডিগ্রিধারীদের দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায্য বলে আখ্যায়িত করেন। তারা বলেন, "দশম গ্রেড আমাদের জন্য ইতিমধ্যে গেজেটভুক্ত ও নির্ধারিত। বিএসসি ডিগ্রিধারীরা কেন এই গ্রেড দাবি করছে? তাদের এই দাবি কখনোই পূরণ হওয়া উচিত নয়। প্রয়োজনে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব এবং রাজপথে রক্ত ও জীবন দেব, তবুও আমাদের দশম গ্রেড ছাড়ব না।"
পরবর্তীতে শিক্ষার্থীরা জানান, আজকের কর্মসূচির মাধ্যমে আগামীকাল সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ