নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে আইন শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে আইন শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ এরশাদ উল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ আনোয়ারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক (মনু), নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোঃ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুর রশিদ, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল গফুর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল করিম বান্ডু, জামায়াতের ইউনিয়ন শাখার আমীর মোঃ ছলিম উল্লাহ ও সেক্রেটারি হাফেজ মাওলানা আহসান হাবীব, রাবার মালিক সমিতির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন এবং বাবু হৃীলামং মার্মা প্রমুখ।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা (মেম্বারবৃন্দ) নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং সমাধানের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে। তবে চোরাচালান ও অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া অবশ্যই প্রয়োজন রয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসলেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা যাবে। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল হক (মনু) বলেন, এলাকার উন্নয়ন ও যুব সমাজকে সঠিক পথে রাখতে হলে সামাজিক দায়বদ্ধতা বাড়াতে হবে। সবাই সচেতন হলে বাইশারী একটি মডেল ইউনিয়নে রূপ নিতে পারবে। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, “বাইশারী ইউনিয়নকে অপরাধমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। চোরাচালান রোধে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” সভায় বক্তারা আইনশৃঙ্খলা উন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং সচেতন মহলের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি