নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ১০

নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ১০
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর আলোক বালীতে পুনরায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধসহ দুপক্ষের আরও ১০ জন আহত হয়েছে বলে জানা যায় । ২৯ ইং সেপ্টেম্বর সোমবার ভোর ৪টার দিকে আলোক বালীর ইউনিয়ন এর মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোক বালী ইউনিয়ন এর মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদল এর যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোক বালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে অদ্য সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ সাংবাদিক দের বলেন, আলোক বালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন, এবং ১০ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য,এর আগে একই ইউনিয়ন এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ নিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে সূত্র মতে জানা যায়। এছাড়া উক্ত এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে যে কোন সময় বড়ো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসন ও তৎপর রয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন