শ্রীপুরে ফেসবুকে মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে যুবক আটক, উত্তেজনা ছড়ায় এলাকায়
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বাঁধন সাহা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযোগটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা, মাদ্রাসা শিক্ষক, ইমাম ও মুসল্লিরা বরমী বাজারে বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা সজীব আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য প্রকাশের খবর পাওয়া মাত্রই লোকজন ক্ষোভে ফেটে পড়ে এবং দ্রুত জমায়েত হয়ে বিক্ষোভে অংশ নেয়।
বরমী শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, “আমাদের প্রিয় নবীকে নিয়ে কেউ কীভাবে এমন মন্তব্য করতে পারে! আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ন্যায়বিচার নিশ্চিত না হলে তৌহিদী জনতা কঠোর অবস্থানে যাবে।” তিনি আরও দাবি করেন, আটক যুবক ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন)-এর সক্রিয় সদস্য। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। কোনো অপ্রীতিকর ঘটনার আগেই অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “স্থানীয়দের অভিযোগ—বাঁধন সাহা ইসকনের সদস্য। তবে তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ন্যায়বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন