প্রধান উপদেষ্টার সঙ্গে ওসমান হাদির পরিবারের সাক্ষাৎ; সর্বোচ্চ চিকিৎসা ও ন্যায়বিচারের আশ্বাস প্রদান
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবার ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎকারে ওসমান বিন হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ওসমান বিন হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সারা দেশ তাঁর জন্য দোয়া করছে। তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সবাই চেষ্টা করছে। প্রয়োজন হলে দেশের বাইরেও চিকিৎসার ব্যবস্থা করা হবে। এমন নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সক্রিয়ভাবে কাজ করছে এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
ওসমান বিন হাদির বোন মাসুমা বলেন, ‘সে (হাদি) ছোটবেলা থেকেই দেশপ্রেমিক ও বিপ্লবী চেতনার অধিকারী ছিল। বিদ্রোহী কবিতা পাঠে তার আগ্রহ ছিল। তার একটি ১০ মাসের সন্তান আছে। হাদি আমাদের মেরুদণ্ড। তাকে বাঁচতেই হবে। জুলাই বিপ্লবীদের রক্ষা করতে হবে, না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।’
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের দ্রুত অপরাধী গ্রেপ্তার ও জামিন প্রক্রিয়া তদন্তের দাবি জানান। তিনি উল্লেখ করেন, ‘ওসমান বিন হাদি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতেন এবং এর জন্য দিনরাত কাজ করতেন।’ ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারি ব্যবস্থা কামনা করেন। এই সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ ই