ওসমান বিন হাদির জানাজার নামাজ পরিচালনা করবেন যিনি

ওসমান বিন হাদির জানাজার নামাজ পরিচালনা করবেন যিনি
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তার বড় ভাই আবু বকর সিদ্দিক এ জানাজা পরিচালনা করবেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।

এদিকে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ কাজ শেষ হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মরদেহ মর্গে নেওয়া হয়। হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। ভোর থেকেই তাকে শেষবারের মতো দেখতে অনেকেই হাসপাতালের সামনে জমায়েত হন।

সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে গোসল করানো হবে। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানেই দুপুর দুইটায় তার জানাজা অনুষ্ঠিত হবে। শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় বন্দুকধারীরা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

দৈনিক বিজয় নিউজ/ জুনায়েদ