ব্যাংকারদের মানবিক হওয়ার আহ্বান বগুড়ায় ড. হোসনে আরা বেগম

ব্যাংকারদের মানবিক হওয়ার আহ্বান বগুড়ায় ড. হোসনে আরা বেগম
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ায় জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সভায় বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ব্যাংকারদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ব্যাংকের বিনিয়োগ গ্রহণকারী ব্যবসায়ীদের সক্রিয় ভাবে কমপ্লায়েন্স অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রোববার ২৮ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাব ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের উদেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সাবেক সচিব ও সিএসপি মুহাম্মদ ফজলুর রহমান। তিনি এ ব্যাংকের কর্মকান্ডে আরও গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নিবাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল আলম প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. হোসনে আরা বেগম বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ে ঋণ সহায়তার মাধ্যমে ছোট ও মাঝারি ব্যবসার ভিত মজবুত করে। এর ফলে মাঝারি ও বৃহৎ উদ্যোক্তারাও উপকৃত হন এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, এর ধারাবাহিকতায় মাইক্রো, মেজো ও মেগা স্তরে অর্থের সঠিক সঞ্চালন নিশ্চিত হয়, উৎপাদন শীলতা ও লাভ জনকতা বজায় থাকে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

তিনি উল্লেখ করেন, বেকারত্ব দূরীকরণ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বৈষম্য বিলোপ এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা অপরিহার্য। ব্যাংকিং খাতে মানবিকতা ও দায়বদ্ধতা বাড়লে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সভায় অন্য বক্তারাও দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাতের দায়িত্বশীল ভূমিকা এবং ব্যবসায়ীদের নৈতিক ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। এ সময় টিএমএসএস'র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান,জনতা ব্যাংক পিএলসি এর বিভিন্ন জেলার কর্মকর্তা, আঞ্চলিক কর্মকর্তা, রিজিওনাল কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ি সমিতির সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান