উত্তর উত্তমপুরে স্কুল প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তদের সশস্ত্র হামলা

উত্তর উত্তমপুরে স্কুল প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তদের সশস্ত্র হামলা
ছবিঃ মোঃ হৃদয় হোসেন

দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার উওমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনূল তালুকদারের ওপর নির্মম ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় শিক্ষক সমাজ ও স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গত রাতে তাঁর নিজ বাড়িতে প্রবেশের আগেই পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারধরের মাধ্যমে তাঁকে গুরুতর আহত করে। তাঁর পা ও শরীরের নানা স্থানে মারাত্মক কাটাছেড়ার খবর পাওয়া গেছে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর, সেখানকার চিকিৎসকরা তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

একজন দায়িত্বশীল প্রধান শিক্ষকের ওপর এমন নৃশংস হামলা শিক্ষক সমাজ, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি করেছে। তারা এ ঘটনাকে শিক্ষা ব্যবস্থা ও সামাজিক শান্তির প্রতি ভয়াবহ হুমকি হিসেবে আখ্যায়িত করেন। স্থানীয়রা এই হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় রাজাপুর থানার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, আহত প্রধান শিক্ষক মোঃ মাইনূল তালুকদার দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে উওমপুর মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ওপর এই হামলায় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

.দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন