পাবনায় প্রবাসীদের অর্থায়নে নারীদের স্বাবলম্বীকরণে সেলাই মেশিন ও দরিদ্রদের সহায়তা

পাবনায় প্রবাসীদের অর্থায়নে নারীদের স্বাবলম্বীকরণে সেলাই মেশিন ও দরিদ্রদের সহায়তা
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অর্থায়নে পাবনায় অসহায় ও কর্মক্ষম নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার ১৮ জানুয়ারি সন্ধ্যয় পাবনা সদর উপজেলার হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার সভাকক্ষে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১৪ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি একজন দরিদ্র ব্যক্তিকে একটি রিকশা-ভ্যান প্রদান, অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং অসহায় ৮ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু খান মোস্তফা বাচ্চু, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খাঁন এবং পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক।

বক্তারা বলেন, প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী ফিরোজ খান রঞ্জু। তিনি তার প্রবাসী বন্ধুদের কাছ থেকে সংগৃহীত অর্থ দেশে এনে এসব মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেন। সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সহসভাপতি রইস উদ্দিন, সদস্য এস এম রিসন রাজিব ও মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখ, সার ব্যবসায়ী আসলাম হোসেন, এনসিপি নেতা আশরাফুল ইসলাম রাফি, স্বার্থক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক এলাকাবাসী। উপকারভোগীরা এ সহায়তার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং পরিবার পরিচালনায় নতুন আশার সঞ্চার করেছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান