"সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা"

ফাইল ছবি

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

সাবেক সেনাপ্রধান জেনারেল (অবঃ) আজিজ আহমেদের ভাই আনিস আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের সদস্যদের জন্য জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ রোববার এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাত হোসেন আনিস আহমেদের বিরুদ্ধে দেশত্যাগ নিষেধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দুর্নীতির মাধ্যমে পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে জড়িত। তার বিরুদ্ধে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে অবৈধ ব্যবসা ও সম্পদ ক্রয় সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে।

আবেদনে আরও দাবি করা হয়, বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, আজিজ আহমেদের ভাই আনিস আহমেদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়া বন্ধ করা জরুরি বলে আদালতকে জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/