মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নির্দেশ এমপি মিলনের
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেছেন, “রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী, কারবারি কিংবা তাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না।” এক মতবিনিময় সভায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এমপি মিলন আরও বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই সামাজিক সচেতনতা গড়ে তুলতে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী কমিটি সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ এমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত রাজশাহী গড়তে কঠোর প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। উল্লেখ্য, সম্প্রতি পবা ও মোহনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কেউ প্রভাব খাটিয়ে পার পাবে না।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন