জুলাই যুদ্ধের স্মরণে বুড়িচংয়ে এনসিপির ইফতার ও দোয়া মাহফিল
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
২০২৪ সালের ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং জুলাই যুদ্ধের সম্মানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বুড়িচং আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের সহ-প্রধান আলাউদ্দিন মুহাম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের জিএস খালিদ হাসান, বুড়িচং উপজেলা জামায়াতের সাবেক আমির ও কর্মপরিষদের সদস্য আব্দুল আউয়াল, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোসলেম উদ্দিন পুলিশ, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সাব্বির আহমেদ, জামিলুর রহমান তানিমসহ জুলাই–আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের পরিবারের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ