নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর বিশেষ টহলদলের অভিযানে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। শনিবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। ১১ বিজিবির অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৪৮/৪-এস ও শূন্যলাইন থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, টহলদল ওই এলাকায় কয়েকজন চোরাকারবারির অবস্থান দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২০ কাটে মোট ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি