কলাপাড়ায় মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতিঃ লুট ২৫ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার রাত ৩টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মালয়েশিয়ান প্রবাসী মাইনুল হকের বাড়িতে এই ঘটনাটি ঘটে। ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ঘটনাস্থল সূত্রে জানা যায়, ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশের পরই সবাইকে জিম্মি করে এবং পরবর্তীতে সকলের হাত-পা বেঁধে ফেলে। এই সময়ে প্রবাসীর ছেলে নাঈম বাধা দিলে ডাকাতরা তার হাঁটুতে গুলি করে এবং তার শিশু সন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। ডাকাত দলটি আলমারিতে রাখা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার এবং ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন ডাকাত দলটি চলে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় কলাপাড়া থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা পুলিশকে দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ ইডি