ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ি পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসার পথে একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলে থাকা এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে পড়ে থাকা নিহত ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ঠাকুরগাঁও পৌরসভার রোড কাজীপাড়া এলাকার বাসিন্দা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম