ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ভুজেন চন্দ্র রায়সহ ১০ জনের বিরুদ্ধে হামলা, মারধর, ভাঙচুর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পরেশ চন্দ্র রায়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে পরেশ চন্দ্র রায়ের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৯ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একটি ছাগল বাড়িতে প্রবেশ করাকে কেন্দ্র করে ভুজেন চন্দ্র রায়সহ অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে পরেশ চন্দ্র রায় দাবি করেন, এ সময় অভিযুক্তরা ঘরের গাছের শক্ত ডাল দিয়ে তার বাবা মোটাই শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় পরিবারের নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, তার মেয়েকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়। হামলার সময় অভিযুক্তরা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি সাক্ষ্য দিতে পারবেন। অভিযুক্তরা হলেন—ইউপি সদস্য ভুজেন চন্দ্র রায়, পশুরাম রায়, দারগা নাথ, আশীষ, সমারু, জগন্নাথ, পরিতোষ, প্রদীপ, মালা রানী ও সুকনী রানী। তাদের সবার বাড়ি ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকার কচুবাড়ী হাটপাড়ায়। অভিযোগের বিষয়ে ইউপি সদস্য ভুজেন চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন। ভূল্লী থানার সাব-ইন্সপেক্টর ও তদন্ত কর্মকর্তা আব্দুল মোত্তালেব জানান, অভিযোগটি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম