কুমিল্লার সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ১২৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ১

কুমিল্লার সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ১২৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ১
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৪ দশমিক ৮ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ হাতেনাতে একজনকে আটক করা হয়। ​সোমবার (১০ আগস্ট) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়নের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার জেলার বিভিন্ন বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। ​অভিযানের সময় সীমান্তের ১ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১০০ পিস ইয়াবা এবং ১২৪ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়। ​বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ ​সুমন আহমেদ