নওগাঁর রাণীনগরে বিএমপির নেতা শামিম হোসেন ইয়াবাসহ গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে বিএমপির নেতা শামিম হোসেন ইয়াবাসহ গ্রেপ্তার
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে ৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিম হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদক বিক্রির সময় বুধবার ৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার রেলগেট সংলগ্ন আত্রাই-রাণীনগর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ১অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল। গ্রেপ্তার শামিম হোসেন উপজেলার চকমনু গ্রামের মোকছেদের ছেলে। এবং তিনি উপজেলা বিএনপির বহিস্কৃত সদস্য। তবে তিনি নওগাঁ জেলা সাইবার ফোর্সের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। জানতে চাইলে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, শামিম হোসেন উপজেলা বিএনপির সদস্য ছিল। তাকে জাতীয় নির্বাচনের আগে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মাদকের সাথে অথবা কোনো অন্যায় কাজের সাথে জড়িত কেউ আমার দলে স্থান নেই বলেও জানান তিনি।

জানতে চাইলে জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা শাখার সভাপতি এমরান হোসেন বলেন, শামিম হোসেন নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে আছে। মাদক সাথে জড়িত বিষয়টি আমার জানা ছিল না। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় নেই। তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থ নেওয়া হবে। থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, আমাদের মাদক বিরোধী অভিযানের সময় জানতে পারি রেলগেট এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শামিম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উক্ত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, গ্রেপ্তার শামিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার