ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিউ মন্দিরে দুর্গা প্রতিমা প্রবেশকে কেন্দ্র করে ইসকন-সনাতনীদের সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিউ মন্দিরে দুর্গা প্রতিমা প্রবেশকে কেন্দ্র করে ইসকন-সনাতনীদের সংঘর্ষ
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁওয়ে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে দুর্গা প্রতিমা প্রবেশ করানোকে কেন্দ্র করে ইসকন ও সনাতনী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মন্দিরে দুর্গা প্রতিমা প্রবেশ করানোর সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে মন্দির এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রসিক রায় জিউ মন্দিরের জমি ও পূজা উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের দাবি, জমি সংক্রান্ত বিষয়ে তাদের পক্ষে হাইকোর্টের রায় রয়েছে। তবে তাদের অভিযোগ, ইসকন সমর্থকেরা ওই স্থানে জোরপূর্বক অবস্থান করে আসছেন।

সনাতনীরা দুর্গা প্রতিমা মন্দিরে নিয়ে গেলে ইসকন সদস্যরা বাধা দেয় এবং তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে সংঘর্ষের সময় তাদের ওপর লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তবে এসব অভিযোগের বিষয়ে ইসকন পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সনাতনীদের পক্ষে মন্দিরের সেবায়েত অপু শর্মা বলেন, দীর্ঘদিন ধরে মন্দিরের জমি ও পূজা উদযাপন নিয়ে বিরোধ চলে আসছে। হাইকোর্টের রায় তাদের পক্ষে থাকা সত্ত্বেও ইসকনপন্থীরা মন্দিরে অবস্থান করছেন বলে তিনি অভিযোগ করেন। দুর্গা প্রতিমা মন্দিরে প্রবেশ করানোর সময় তারা বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন জানান, মন্দিরের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আসন্ন শারদীয় দুর্গোৎসবে যাতে নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার চেষ্টা চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বর্তমানে মন্দির এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম