পূজার বাজারের চিরচেনা ভিড়ে ওঁৎ পেতে থাকা চক্র; কুমিল্লার কোম্পানীগঞ্জে ডিবির জালে ১৩ মোবাইলসহ ৫ নারী চোর
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে কুমিল্লার বিপণিবিতান ও শপিংমলগুলো। নতুন জামাকাপড় আর কেনাকাটার আনন্দ যখন সবার মনে উৎসবের আমেজ তৈরি করেছে, ঠিক তখনই সাধারণ মানুষের এই ভিড়কে নিজেদের প্রধান টার্গেট বানিয়েছিল এক ভয়ঙ্কর নারী চোর চক্র। মার্কেটের উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে যারা নিমিষেই হাতিয়ে নিচ্ছিল সাধের মোবাইল ফোন, নগদ টাকা কিংবা মূল্যবান জিনিসপত্র। তবে শেষ রক্ষা হয়নি; কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে হাতেনাতে ধরা পড়েছে আন্তঃজেলা এই ৫ পেশাদার নারী চোর।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এই চক্রটি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন এলাকায় কিছুদিন আগে বাসা ভাড়া নিয়ে আস্তানা গাড়ত এবং টার্গেট করা জনবহুল এলাকায় অপরাধ সংঘটন করত। আসন্ন পূজায় কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারেন, সেজন্য জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় মাঠে নামে পুলিশ ও গোয়েন্দা ইউনিটের বিশেষ টিম।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ নারী সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে লুণ্ঠিত ১৩টি চোরাই মোবাইল ফোন এবং চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. সরলা আক্তার (৪২), পিতা-জমত আলী, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২. এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), পিতা-নূর মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৩. বেদনা খাতুন (২৯), পিতা-জলফু ভান্ডারী, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৪. খাদিজা আক্তার (২০), পিতা-নূর মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৫. ফাহিমা আক্তার (১৯), পিতা-আরব আলী, জেলা-হবিগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এরা সবাই পেশাদার অপরাধী এবং দেশের বিভিন্ন এলাকার বিপণিবিতান ও জনবহুল স্থানে চুরি-ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উৎসবের আনন্দ মাটি করতে চাওয়া এ ধরনের অপরাধীচক্রের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পূজার বাজারে কেনাকাটার সময় ভিড়ের মধ্যে নিজ নিজ মূল্যবান জিনিসপত্র নিয়ে সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ