ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৩
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলার সালান্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী বিআরটিসি বাস এবং ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে দ্রুত ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম