মাদক থেকে দূরে থাকার শপথ নিলেন সাত গ্রামের মানুষ

মাদক থেকে দূরে থাকার শপথ নিলেন সাত গ্রামের মানুষ
ছবি: আঃ রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে যুবকদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে মাদক নির্মূল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদক থেকে দূরে থাকার শপথ নেন ওই ইউনিয়নের সাতটি গ্রামের যুবকরাসহ বিভিন্ন বয়সী অন্তত তিন শতাধিক যুবক।গত কাল মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বহরপুর শান্তি মিশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বহরপুর বাজারে মাদক বিরোধী র‍্যালি করা হয়। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর,শান্তুি মিশন যুব সংঘ, বসুন্ধরা শুভ সংঘ ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের রাজবাড়ী এ র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও যুবকদের শপথ বাক্য পাঠ করার রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম (নিম হাকিম) এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশনসহ সাতটি গ্রামকে ইতিমধ্যে মাদকমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেছেন গ্রামের সচেতন মানুষ। এ গ্রামগুলো থেকে মাদকসেবীদের আটক করে আইনশৃৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়। এ ধারা অব্যাহত রাখতে হবে। এভাবে চলতে থাকলে একসময় পুরো বহরপুর ইউনিয়নই মাদকমুক্ত ইউনিয়নে পরিণত হবে।

দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম মোল্লা