আজ রাতে ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। দেশটির একাধিক সরকারি সূত্র আল-জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় বড় ধরনের অগ্রগতির ‘প্রচণ্ড সম্ভাবনা’ তৈরি হয়েছে। এর আগে শুক্রবার সকালে আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়, যা উভয় পক্ষ নিশ্চিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্র-ইরান জটিলতার প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। ইসহাক দার টেকসই আলোচনার ওপর গুরুত্ব দেন, অন্যদিকে আরাগচি পাকিস্তানের ‘ক্রমাগত ও গঠনমূলক মধ্যস্থতাকারীর ভূমিকার’ প্রশংসা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, আরাগচি আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও পৃথক ফোনালাপ করেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আইএসপিআর এ বিষয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করেনি।
গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টা আলোচনা হয়, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর মূল মধ্যস্থতাকারী পাকিস্তানসহ অন্যান্য দেশ দ্বিতীয় দফার বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফার বৈঠককে সামনে রেখে চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার ও বেশ কয়েকটি হোটেল বুকিং করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরান এখনও দ্বিতীয় দফার আলোচনায় বসতে রাজি হয়নি। আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে এই সপ্তাহের শুরুতেই কমপক্ষে ৯টি মার্কিন বিমান যোগাযোগ সরঞ্জাম, গাড়ি, নিরাপত্তা কর্মী ও কারিগরি জনবল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে।
সূত্র: আল-জাজিরা