সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদ এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রেসক্লাব। শনিবার সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও ভাষা সৈনিক পুত্র সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুশুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক সাঈদ হাসান ও দপ্তর সম্পাদক সৈকত পারভেজসহ আরও অনেকে।
মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী, ফটো সাংবাদিক মিশাল মন্ডল এবং স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা কথিত মিথ্যা মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঈদুল আজহার পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্পাদক পরিষদের তথ্যমতে, বিভিন্ন হত্যা মামলাসহ নানা মামলায় শতাধিক সাংবাদিককে আসামি করা হয়েছে এবং গত ১৫ বছরে বহু সাংবাদিক নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি সাংবাদিক নির্যাতনের জন্য গণতন্ত্রহীনতা, বিচারহীনতা ও ভিন্নমত দমনের সংস্কৃতিকে দায়ী করেন। বক্তারা বলেন, শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশের মানবিক মূল্যবোধকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বলেন, শিশু হত্যা ও ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত বিচার সম্পন্ন হলে মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে। বক্তারা অভিযোগ করেন, সারাদেশের মতো রাজশাহীতেও প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা, হামলা ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে। কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তারা দাবি করেন। মানববন্ধনে বক্তারা রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী, ফটো সাংবাদিক মিশাল মন্ডল এবং বিএনপির দুই নেতার বিরুদ্ধে দায়ের করা কথিত অস্ত্র ও চাঁদাবাজির মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের জড়িয়ে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। বক্তারা আরও বলেন, “মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। সাংবাদিক সমাজ অতীতেও সত্য ও ন্যায়ের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে।
মানববন্ধনে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যথাযথ তদন্ত ও গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে গুরুতর মামলা গ্রহণ অত্যন্ত নিন্দনীয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নুরে ইসলাম মিলন। মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খাঁনসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। মানববন্ধন থেকে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন