পীরগাছায় রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পীরগাছায় রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পূর্ব রেলগেট সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” এছাড়া যুবকের হাতে মেহেদি দিয়ে “হোসাইন” নাম লেখা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, যদি কেউ ওই যুবককে চিনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ বা নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান