ঢাকায় বাংলাদেশ আনসার-ভিডিপি'র সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিধান
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত তিন কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ জুন রাজধানী ঢাকার খিলগাঁও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে এক আনন্দঘন ও গৌরবময় পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের কর্মজীবনের এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তিনি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, ন্যায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, মাঠপর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাহিনীর কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করতে হবে। পাশাপাশি সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনেরও পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি, উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান