নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগে নিজস্ব অটোমেশন সফটওয়্যারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার ২৩ জুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অটোমেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অটোমেশনের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হিসাব বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ট্যালি প্রাইম’ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী ফি ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ, হিসাব সংরক্ষণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত, তথ্য অনুসন্ধান এবং নথি ব্যবস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম আরও সহজ, দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ উদ্যোগের ফলে কাগজনির্ভরতা কমবে এবং শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা স্বল্প সময়ে অধিকতর কার্যকর সেবা পাবেন বলে আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী বলেন,“উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন এখন সময়ের দাবি। অর্থ ও হিসাব বিভাগে অটোমেশন সফটওয়্যার চালুর মাধ্যমে প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. সায়েম বিন সোলায়মান এফসিএমএ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক খোন্দকার শাহরিয়ার রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রহিম মুন্সি, প্রশাসনিক কর্মকর্তা তৌফিকুজ জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় এ উদ্যোগ প্রশাসনিক আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান