মাদকবিরোধী মানববন্ধনে স্কুলছাত্র গুলিবিদ্ধ: ক্ষুব্ধ এমপি মনিরুল হক চৌধুরী
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে সন্ত্রাসী হামলায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পরিবারের সাথে দেখা করে তিনি প্রশাসনের কঠোর সমালোচনা করেন।প্রশাসনের প্রতি এমপি'র ক্ষোভভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে এমপি মনিরুল হক চৌধুরী প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ক্ষোভের সাথে বলেন, "মাদক ব্যবসায়ীদের কাছে আমরা সবাই কি আত্মসমর্পণ করে বসে আছি? যদি কিছু করতে না পারেন, তবে মানুষের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেই। মাদক ব্যবসায়ী থাকবে, আর স্কুলগামী ছাত্র গুলি খাবে—তারপর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব; এটা হতে পারে না। এই পরিবারকে আমরা কী জবাব দেব?"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক কারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং খুব দ্রুত এর ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেছেন। প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। যেভাবে ঘটনাটি ঘটল স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি চলছিল। এ সময় অতর্কিত হামলায় ইথানসহ অন্তত পাঁচজন আহত হন। আহত শিক্ষার্থী ইথানের মা সোনিয়া আক্তার জানান, এলাকায় অপু ও সাব্বির নামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। টিফিন শেষে স্কুল থেকে ফেরার পথে পিঠে গুলি লাগে একমাত্র ছেলে ইথানের। প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইথানের মায়ের সাথে দেখা করে এমপি মনিরুল হক চৌধুরী তাকে শান্ত্বনা দেন এবং ইথানের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
দৈনিক বিজয় নিউজ/ ইডি