নওগাঁর মান্দা ভারশো আলোচিত মাদক সম্রাজ্ঞী ডলি ঋষি কে নগত ৮১,৮০০ টাকাসহ গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাইমদ তৈরির কাঁচামাল (ওয়াশ) উদ্ধার এবং মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় আলোচিত মাদক সম্রাজ্ঞী ডলি ঋষিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার ভারশো ইউনিয়নের ঋষি পল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি টিম ঋষি পল্লীতে এই অভিযান চালায়। অভিযানকালে মাদককারবারি ডলি রানী ঋষি ও তার পলাতক স্বামী সমর সাহা ওরফে সুমনের বাড়ির আঙিনায় তল্লাশি করে মাটির নিচে গর্তে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৫০ লিটার চোলাইমদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ডলি ঋষির হেফাজত থেকে মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ডলি ঋষিকে শনিবার নওগাঁ কারাগারে পাঠানো হয়।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার