পদ্মা বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
প্রতিযোগীদের মধ্যে টি-শার্ট ও কিটস বিতরণ, অংশ নিচ্ছেন ৫৫০ দৌড়বিদ ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা ফিরিয়ে আনা, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী আয়োজন ‘রান ফর পদ্মা—গঙ্গা বাঁচান’ মিনি ম্যারাথন। পরিবেশ ও নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ দৌড়ে অংশ নিচ্ছেন প্রায় ৫৫০ জন প্রতিযোগী, যার মধ্যে প্রায় ১৩৫ জন নারী। ম্যারাথনকে সামনে রেখে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নগরীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট ও কিটস বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজকরা ম্যারাথনের উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতির বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
টি-শার্ট ও কিটস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফাসহ আয়োজক কমিটির সদস্যরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৫টায় লালনশাহ মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। উদ্বোধন করবেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার। এরপর সকাল ৬টায় লালনশাহ মুক্তমঞ্চ থেকে দৌড় শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হবে।
সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। এছাড়া বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংগঠনের উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন বলেন, “রান ফর পদ্মা শুধু একটি ম্যারাথন নয়; এটি দেশের নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি সামাজিক আন্দোলন। পদ্মাসহ সব নদী রক্ষার দাবি মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” আয়োজক কমিটির সভাপতি জুলফিকার আলী হায়দার বলেন, “নদী রক্ষা মানেই পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ অর্থনীতি রক্ষা। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে নদী বাঁচানোর আন্দোলনকে আরও শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য।”
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন